পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহসভাপতি, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার পৌর শহরের অয়েল মিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।
ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন বশির উদ্দিন বিশ্বাস।
২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্যোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রংধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামাসহ একাধিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।
