জয়পুরহাটে ইয়াবা ও হেরোইনসহ ৬ মামলার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একইসময়ে আরও ১৯ মাদকসেবীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে আক্কেলপুরের জামালগঞ্জ গোহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মিঠু (৩৭) সদর উপজেলার জামালপুর খেজুর তলীর এলাকার মিরাজুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইনসহ ৬ বিচারাধীন মামলার আসামি ও মাদক কারবারি মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের ডাক বাংলা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বিষয়ে নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
