টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হতেই খোলস ছেড়ে বেরিয়ে এলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিলেন ঝোড়ো ফিফটি। সঙ্গে ওপেনার মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ব্যাটিং। সুবাদে টাইগাররা পেল চ্যালেঞ্জিং পুঁজি।
শারজাহয় রবিবার বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের গ্রুপ-১ এর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কানদের সামনে ১৭২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।
মুশফিক ৩৭ বলে অপরাজিত ৫৭ রান করেছেন ৫ চার ও ২ ছক্কায়। নাঈম খেলেছেন ৫২ বলে ৬ চারে ৬২ রানের ইনিংস। তৃতীয় উইকেটে দুজনের ৫১ বলে ৭৩ রানের জুটিই বাংলাদেশকে এনে দিয়েছিল শক্ত ভিত। আর মুশফিক তার ব্যাটে ফিনিশিংটা দুর্দান্ত দিয়েছেন।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ১ উইকেট হারিয়েছে ৪১ রান তুলতে পেরেছিল। তবে শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৯৯ রান। শেষ দিকে মাহমুদউল্লাহর ৫ বলে ২ চারে অপরাজিত ১০ রান ছিল কার্যকরী।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই বাছাই পর্ব খেলে সুপার টুয়েলভে উঠে এসেছে। সুপার টুয়েলভে দুই দলেরই এটি প্রথম ম্যাচ।
