ভোলায় মাদকাসক্ত স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে পাতিলে ভরে রাখার ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার ভোর রাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পণ্ডিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সীর ছেলে মাদকাসক্ত ফরহাদ হোসেন টিটব রাতে তার দ্বিতীয় স্ত্রীর আলীনগর পণ্ডিতের পোল এলাকার বাবার বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী নুরুন্নাহার বেগম তার স্বামী ঘুমিয়ে পরলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রী নুরুন্নাহার স্বামীর মরদেহ কয়েক টুকরো করে একটি পাতিলে রেখে দেয়।
রবিবার সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ –এ খবর দেয়। জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুন্নাহারকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে যে দা দিয়ে খুন করা হয়েছে সেই দাসহ নুরুন্নাহারকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, টিটব মুন্সীর প্রথম স্ত্রীর মাহামুদা বেগম তুহিনের সংসারে এক মেয়ে ও দুই ছেলে এবং দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের সংসারে ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
