পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন মোদী

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৭:১৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোমে দুই দিনের সফরে যাচ্ছেন। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে ২৮ অক্টোবর রাতে দেশ ছাড়বেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে যোগ দেওয়ার আগে শুক্রবার ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন মোদী। তবে, সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য নিতে পারেনি হিন্দুস্তান টাইমস।

জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশল নির্ধারণের জন্য সিওপি-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাওয়ার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর।

তার আগে প্রধানমন্ত্রী মোদী ৩০ ও ৩১ অক্টোবর জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এদিকে উভয় সম্মেলনের সময়, বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করার কথাও রয়েছে মোদীর। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

প্রতিবেদনটি বলছে, বিদেশ সফরে প্রথমেই ইতালির রাজধানী রোমে যাবেন মোদী। সেখানে ১৬তম জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে গ্লাসগোতে পৌঁছবেন। সেখানে ২৬তম কনফারেন্স অফ পার্টিজ-এ যোগ দেবেন তিনি।

ওয়ার্ল্ড লিডারস সামিট (ডব্লিউএলএস) শীর্ষক সিওপি-২৬-এর উচ্চ স্তরের বৈঠক ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত