যে কাজ ইমরান খান-ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরা করে দেখাতে পারেননি সেই কাজ করে দেখিয়েছেন বাবর আজম-শাহীন আফ্রিদিরা। বিশ্বমঞ্চে প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান।
গত রবিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসে কোহলিদের ১০ উইকেটে হারায় বাবরের দল। সেই ম্যাচ শেষ হওয়ার দুইদিন পেরিয়ে গেলেও এখনো উত্তাপ বিরাজ করছে দুই দেশের ক্রিকেটার ও সমর্থকদের মাঝে।
তার মধ্যে হামলা-মামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। পাকিস্তানের জয় উদযাপন করায় ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের দুই মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এই ম্যাচকে ঘিরে আগে থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে প্রতিবেশি দুই ‘চিরশত্রু’ দেশের মধ্যে। ম্যাচ শেষ হলেও তার রেশ রয়েছে এখনো। সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কযুদ্ধের পাশাপাশি বাক-বিতণ্ডায় জড়িয়েছেন শোয়েব আখতার, হরভজন সিং ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা।
ভারতীয়দের পরাজয়ে পাকিস্তানিরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছে তেমনি জয়োল্লাস করেন ভারত শাসিত কাশ্মীরের জনগণ। বাবর-আফ্রিদিদের ঐতিহাসিক জয় আতশবাজি ও পটকা ফুটিয়ে উদযাপন করেন তারা।
যার কারণে হামলা-মামলার মতো ঘটনাও ঘটেছে সেখানে। ভারতের হারে পশ্চিম পাঞ্জাব রাজ্যের এক কাশ্মীরি ছাত্র মারধরের শিকার হন।
অন্যদিকে, উগ্রবাদী ভারতীয় সমর্থকদের দ্বারা অনলাইনে বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন ভারতের টিম ইন্ডিয়ার পেসার মোহাম্মদ শামি।
