বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ঢাকা কলিং

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৯:৫৯ পিএম

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরের বড় সমস্যা। রাজধানীতে যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং কত ধরনের বর্জ্য উৎপন্ন হচ্ছে তার জন্য বিস্তারিত গবেষণা তথ্য বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে থাকা জরুরি। তাহলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় রাজধানীর হাজারিবাগ বালুর মাঠ এলাকায় ‘ঢাকা কলিং’ প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা এসব কথা বলেন। 

এতে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। 

এ সময় তারা বালুর মাঠ থেকে শাহজাহান মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশের বর্জ্য পরিষ্কার করেন এবং জনসাধারণকে সঠিক জায়গায় বর্জ্য ফেলার আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সোবহান বলেন, আমরা আজকের এ অভিযান পরিচালনা এজন্যই করলাম যাতে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি। আমাদের শক্তি অনেক, ছোট ছোট উদ্যোগ নিয়ে আমরা একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারি, আমরা আমাদের শহর ও দেশকে দুষণমুক্ত করতে পারি। 

তিনি বলেন, কোনো বর্জ্যই এখন আর বর্জ্য নয়। বর্জ্য হলো সম্পদ। কিন্তু এ সম্পদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। 

বারসিকের পরিচালক পাভেল পার্থ বলেন, আমরা আজকে র‌্যালি করলাম আর সাদা কাপড়ে হাতের ছাপ দিয়ে সংহতি জানালাম, একটি সুস্থ সুন্দর পরিবেশের জন্য। সঠিক বর্জ্য ব্যবস্থাপনাই পারে আমাদের আরো স্বাবলম্বী করতে। 
তিনি বলেন, বস্তির সবাইকে আরো সচেতন হতে হবে পরিবেশের প্রশ্নে। 

হোসনে আরা বেগম রাফেজা বলেন, আমরা সর্বদা চেষ্টা করছি বস্তিবাসীদের সচেতন করতে। 

তিনি বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের আরো সক্রিয়ভাবে কমিউনিটির মানুষদের পাশে দাঁড়ানো দরকার। 

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বস্তিবাসীরা নানা ধরনের সংকটের মধ্যে দিনাতিপাত করেন আর বর্জ্য সংক্রান্ত সমস্যা হলো তার মধ্যে অন্যতম। আমাদের একটি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নীতি দরকার যেখানে সবার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিক করা যায়। 

আমীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজ সেবক হাজী মো. কালাম শেখ, বস্তিবাসী নেতা হোসনে আরা বেগম রাফেজা, হারুণ অর রশিদ, নাজমা বেগম, আসমা আক্তার, ইব্রাহীম রানা, আমীর আলী, ইয়ুথ লিডার বৈশাখী প্রমূখ।
এ সময় স্থানীয় দোকানদার, হকার, বস্তিবাসী, তরুণ, যুব   কর্মসূচির সঙ্গে সংহতি জানান ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত