মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে পঞ্চগড়ে সুমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড়-ভাউলাগঞ্জ সড়কের বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাংগা গ্রামে। সে মাছ ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে সাইকেলচালক আল আমীন (৩৫)। তার বাড়ি একই ইউনিয়নের নতুন বাংলা গ্রামে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলাম ঝুনুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সুমন বোদেশ্বরী মন্দির এলাকার এক গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে মালকাডাংগার বাড়িতে ফিরছিল। আর আল আমীন সাইকেযোগে মালকাডাংগার দিকে আসছিলেন। পথে সর্দারপাড়া এলাকার মসজিদের সামনে এসে আল আমীন হঠাৎ ডানদিকে মোড় নেন।
এ সময় সুমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পথচারীদের সহযোগিতায় আহত আল আমীনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী জানান, দুর্ঘটনায় সুমনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার ও পরিবারের কাছে পৌঁছাতে সহযোগিতা করেছে।
