২৮ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷
মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় নায়করাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামানসহ একাধিক তারকার মৃত্যুর আগেই একাধিকবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল।
