১৪ বছর পর আবারও একসঙ্গে অপূর্ব-প্রাণ রায়

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৭:০৬ পিএম

আজ থেকে ১৪ বছর আগে এনটিভিতে প্রচারিত হয়েছিল শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রমিজের আয়না’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়। একই ধারাবাহিকে একজন নবাগত হিসেবেই অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

‘রমিজের আয়না’য় অভিনয় করাটাও ছিলো অপূর্ব’র জন্য টার্নিং পয়েন্ট। তবে ‘রমিজের আয়না’য় অভিনয়ের পর শিহাব শাহীনের পরিচালনায় বহু নাটকে অপূর্ব অভিনয় করলেও একসঙ্গে আর কোনো দিন অপূর্ব ও প্রাণ রায়ের অভিনয় করা হয়ে ওঠেনি। দীর্ঘ ১৪ বছর পর প্রাণ ও অপূর্ব আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘একটা নির্জন দুপুর চাই’। রহমান মোস্তাফিজ পাভেল-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

দীর্ঘদিন পর একসঙ্গে একই নাটকে অভিনয় করে প্রাণ ও অপূর্ব শুটিং চলাকালীন সময়ে ছিলেন বেশ খোশমেজাজে। দু’জনই ‘রমিজের আয়না’র দিনগুলোর কথা বারবার স্মৃতিচারণ করছিলেন। দীর্ঘদিন পর অপূর্ব’র সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে প্রাণ রায় বললেন, ‘এত দিন পর আমাদের দেখা হয়ে আমার কাছে মনে হলো যেন দুই ভাইয়ের বহু বছর পর দেখা হওয়ারই মতো একটি বিষয়। অপূর্ব আমাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিল এবং আমার উপলব্ধি হলো যে, যে অপূর্বকে দেখেছিলাম-এখনো সেই অপূর্বই আছে। এখন সে বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন সুপারস্টার। কিন্তু আমার কাছে সেই আগেরই অপূর্ব। অভিনয়ে অপূর্ব আগের চেয়ে আরও অনেক অনেক বেশি ম্যাচিউরড। তার সাফল্য সত্যিই আমাকে গর্বিত করে।’

অপূর্ব বলেন, ‘প্রাণদা’র সঙ্গে রমিজের আয়না ধারাবাহিকে অভিনয় করার সময় ভীষণ সহযোগিতা পেয়েছি। এতটা বছর পর একসঙ্গে কাজ করতে এসে মাঝে মাঝে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। মাঝে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। প্রাণদা’কে দেখে আমারও ভীষণ ভালো লেগেছে, যার উচ্ছ্বাস বা আনন্দটুকু আমি কথায় প্রকাশ করতে পারছি না। প্রাণ দা’র কাছে আমি সেই আগের অপূর্ব’ই আছি।’

এদিকে অপূর্ব সৈয়দ শাকিলের পরিচালনায় আরও দু’টি নাটকের কাজ শেষ করেছেন যাতে তার বিপরীতে আছেন ফারিণ। আর প্রাণ রায় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ‘ভাঙন’ সিনেমার কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত