গাজীপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে ফাহিম চৌধুরী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, বিদ্যুৎস্পৃষ্টে ফাহিমের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ফাহিম চৌধুরী গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মৃতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যান ফাহিম। আজ (গতকাল) নিয়োগ পরীক্ষা চলাকালে তিনি টেলিকম টাওয়ারের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অনেকেই ধারণা করেন তিনি টাওয়ার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাহিমকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের বাবা ইসমাইল হোসেন জানান, তার ছেলে গাজীপুর পুলিশ লাইনস মাঠে টেলিকম টাওয়ারে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সানোয়ার হোসেন বলেন, ‘কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এসে ফাহিম চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
