ভন চাইছেন না, সেমিতে পাকিস্তানের সামনে ইংল্যান্ড পড়ুক

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৬:০৫ পিএম

পাকিস্তানকে নিয়ে এখন থেকে চিন্তিত ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। চিন্তা হওয়ারই কথা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম-শাহীন আফ্রিদিরা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে যেকোনো দলের দুশ্চিন্তা হওয়ায় স্বাভাবিক। সুপার টুয়েলভে ভারতের মতো পরাশক্তিকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দুয়ারে পাকিস্তান।

‘বি’ গ্রুপে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ চারের টিকিট কাটার পথে তারা। পাকিস্তানের পরের দুই ম্যাচ দুই সহজ প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।

শীর্ষ দল হিসেবেই যে বাবর-আফ্রিদিরা শেষ চারে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে ‘এ’ গ্রুপে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

শনিবার রাতে দুবাইয়ে ‘হাইভোল্টেজ’ ম্যাচে মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচের জয়ী দলই ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিতে যাবে মনে করছেন ভন।

তবে ইংলিশরা শেষ চারে গেলে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন না তিনি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে ভন বলেন, ‘আগামীকাল (শনিবার) ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি দানবীয় হবে। এই ম্যাচে যারা জিতবে, শীর্ষ দল হিসেবে সেমিতে যাবে তারা। আমি নিশ্চিত, গ্রুপের শীর্ষ দল হতে যাচ্ছে পাকিস্তান। সেমিফাইনালে আমি পাকিস্তানের মুখোমুখি হতে চাই না।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত