৩ দিনের বিশ্রামে সোহান, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে সাকিব

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৭:২৯ পিএম

টি-টোয়েন্টিতে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে আরব-আমিরাত গিয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্ব মঞ্চে যেন নিজেদের খেলাটাই ভুলে গেছে টাইগাররা।

ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটছে মাহমুদউল্লাহ-মুশফিকদের। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে রানার-আপ হয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া বাংলাদেশ টানা তিন ম্যাচে (শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ) হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন প্রায় বিসর্জন দিয়েছে।

টাইগারদের পরের ম্যাচ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন সোহান। কিন্তু তলপেটে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। পরে চোটের অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার শারজায় উইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি সোহান। আপাতত তাকে ৩ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। যার কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলা অনিশ্চিত সোহানের।

শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নুরুলকে আগামী তিন দিনের জন্য সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। ১ নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন তিনি। দ. আফ্রিকার বিপক্ষে তার খেলা না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সোহানের অনিশ্চয়তার মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে সাকিবকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। পরে মাঠে ফিরে ৪ ওভার বলও করেন সাকিব। চোটের কথা মাথায় রেখে ব্যাট হাতে ওপেনিংয়েও নামেন তিনি। সাকিব যে অসুস্থবোধ করছেন তা মাঠেই দেখা গিয়েছিল।

দেশসেরা অলরাউন্ডারের চোটের ব্যাপারে শনিবার বিসিবি জানায়, সাকিবকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। রবিবার তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যায় বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন তিনি। সাইফের পরিবর্তে রিজার্ভ থেকে টাইগাররা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন পেসার রুবেল হোসেনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত