বাগেরহাটে ৩টি পিস্তলসহ দুজন গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:৩২ পিএম

বাগেরহাটে তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার তার কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ১২টি গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি চায়নিজ কুড়াল।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গত ২৮ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের নির্বাচন কার্যালয়ের সামনে থেকে মানিক হাওলাদার (৩০) ও রুবেল সরদার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরদিন সকালে শহরের দক্ষিণ সরুই আলিয়া মাদ্রাসা সড়কের জনৈক মো. এবাদুল হোসেন তালুকদারের বাড়ির ভাড়াটিয়া মাহফুজ কাজীর মুরগির খোঁয়াড় থেকে তিনটি পিস্তল, ১২টি গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত