তেঁতুলিয়ায় মায়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে মেয়ে

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১:২৬ এএম

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে তুমুল প্রচার-প্রচারণা।

উপজেলার সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে মায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন মেয়ে।

প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী মাঠে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন, প্রচারণা চালাচ্ছেন। উভয়ই নিজেদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ওই দুই প্রার্থী হলেন- শতদল আদর্শগ্রামের সাবেক আলোচিত ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেনের সহধর্মিণী মোছা. জীবন নাহার এবং তার মেয়ে একই গ্রামের আবু সায়েমের স্ত্রী বুলবুলি আক্তার। তারা তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ভোট লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত এই ওয়ার্ডে আরও তিনজন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

 ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত অব্দি ছুটছেন মা-মেয়েসহ অন্য প্রার্থীরা। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কেউ। মা মেয়ের মধ্যে কাকে ভোট দেবেন এ নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। মা-মেয়ের এই ভোট যুদ্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন তারা।

স্থানীয়রা বলছেন, জীবন নাহার টানা দুই বারের মহিলা সদস্য। এবারও তার অবস্থান ভালো।

স্থানীয় ভোটার মুহাম্মদ সালাউদ্দিন, ইউসুফ আলীসহ কয়েকজন জানান, ‘সংরক্ষিত মহিলা সদস্য পদে মা-মেয়ে দুইজন প্রার্থী। আমরা এখন কাকে ভোট দেবো। তাদের উচিত ছিল সমঝোতার মাধ্যমে যেকোনো একজন প্রার্থী হওয়া।

বর্তমান সদস্য হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জীবন নাহার বলেন, ‘আমি দুই বারের নির্বাচিত মহিলা সদস্য। জনগণ এবারও আমাকে নির্বাচিত করতে চায়। আমার মেয়ে বুলবুলি আমার সঙ্গে পরামর্শ না করেই তার স্বামীর সিদ্ধান্তে নির্বাচন করছে। সে নির্বাচন করতেছে করুক আমার কোন আপত্তি নাই, কিন্তু জনগণের প্রশ্ন আপনি থাকতে আপনার মেয়ে কেন প্রার্থী হয়েছে?

 মেয়ে বুলবুলি আক্তার বলেন, ‘এলাকায় আমার জনপ্রিয়তা আছে। সাধারণ ভোটাররা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার আশা জাগিয়েছে। আমি বক প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং সকাল থেকে রাত অব্দি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোটারদের সাড়াও পাচ্ছি ভালো।

উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯৭ হাজার ২২২ জন। এদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭১৬ জন এবং নারী ৪৮ হাজার ৫১১ জন। তার মধ্যে তেঁতুলিয়া সদর ইউনিয়নে পুরুষ ভোটার ৮ হাজার ১১৫ জন, নারী ভোটার ৮ হাজার ৪০৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত