আরিয়ানের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দেবেন শাহরুখ

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২:৩৮ পিএম

২৮ দিন পর জেল থেকে বাড়ি ফিরেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। শনিবার যেন ‘মান্নাত’ উৎসব লেগেছিল। বাইরে ভক্তদের সমাগম হয়।

ঢাক, ঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ- সব রকমভাবে স্বাগত জানানো হয়েছে শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলেকে।

পরিবারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে  ‘মান্নাত’-এর ভেতর থেকে।

সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, শাহরুখ নাকি তার ছেলের জন্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পুজো করেন শাহরুখ। বসানো হয় গণেশের মূর্তি। প্রতিবারের মতো এবারও টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছিলেন বলি তারকা।

ইতিমধ্যে আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা-দম্পতি। ছেলের জন্য গৌরী ডায়েটের তালিকাও তৈরি করেছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত