নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে মুজিববিহীন আফগানিস্তান

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:৫৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আবুধাবিতে রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু ম্যাচটিতে আনফিট থাকায় আফগান একাদশে নেই মুজিব উর রহমান। তার বদলে একাদশে এসেছেন হামিদ হাসান।

পাঁচ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন হামিদ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই ডানহাতি পেসার।

এদিকে এই ম্যাচটিই হতে যাচ্ছে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানের শেষ ম্যাচ। আগের দিন অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছে আফগানিস্তান। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে হারলেও তাদের লড়াইকে সমীহ করছে সবাই। অন্যদিকে নামিবিয়াও চমক দিয়ে সুপার টুয়েলভে উঠেছে।

নিশ্চিতভাবে নামিবিয়ার বিপক্ষে দক্ষতায় এগিয়ে থাকবে আফগানরা। যাদের খেলা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে লেখেন, ‘পাকিস্তান দলকে শুভেচ্ছা। আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলল। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দেশকে এত তাড়াতাড়ি উন্নতি করতে দেখিনি। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ওরা। এরকম লড়াইয়ের শক্তি এবং প্রতিভা নিয়ে আফগানিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল।’

নামিবিয়া সম্পর্কে এমনটা না বলা গেলেও তারাও কিন্তু ফেলনা নয়। টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা অঘটন ঘটিয়েছে নামিবিয়া। মাত্র ২৫ লাখ মানুষের দেশ। ক্রিকেট পিচ আছে ৯টি। সেখানে খেলেই এমন সাফল্য। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডকে হারিয়েছে। আজ আফগানদের বিপক্ষে জিতলে সেই সাফল্যের মুকুটে আরও একটা পালক যুক্ত হবে। টানা দশ বছর ধরে এই জায়গায় আসার জন্য তৈরি হয়েছে নামিবিয়া। তাদের সেরা তারকা দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ ম্যাচ খেলা ডেভিড ভিসে।

স্কটল্যান্ডকে সুপার টুয়েলভ মিশনের প্রথম ম্যাচে দাঁড়াতে দেয়নি আফগানরা। ম্যাচ জিতেছিল ১৩০ রানে। মুজিব উর রহমান এবং রাশিদ খানের ঘূর্ণির মুখে মাত্র ৬০ রানে অল আউট হয়েছিল স্কটিশরা। আজ নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করার কিছু নেই আফগান স্পিনারদের। তবু ছোট দলের বিপক্ষে সম্মান ধরে রাখার একটা ব্যাপার থাকে।

একাদশ

আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রাহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নামিবিয়া: ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লিঙ্গেন, জান লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জেন ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, রোবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোলজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত