তিন দিনের ব্যবধানে তিন বর্ষীয়ান ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। দুই টেস্ট কিংবদন্তি অ্যালান ডেভিডসন এবং অ্যাশলে মলেটের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন আরেক টেস্ট ক্রিকেটার পিটার ফিলফট।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে রবিবার (৩১ অক্টোবর) ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই অজি স্পিনার।
১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফিলপটের। ক্যারিবীয়দের বিপক্ষে ওই সিরিজে ১৮ উইকেট নেন তিনি। ১৯৬৫ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম ম্যাচে ৫ উইকেট নেন ফিলপট।
এই লেগ-স্পিনিং অলরাউন্ডার ১৯৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত ৮ টেস্ট খেলে ৩৮.৪৬ গড়ে ২৬ উইকেট নেন। অবসরের পর ফিলপট মাত্র ৩১ বছর বয়সে কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছিলেন।
ডেভিডসন ও মলেটকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ফিলপটের মৃত্যু সংবাদ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ)।
গত শনিবার ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন অলরাউন্ডার ডেভিডসন। তার আগে শুক্রবার ৭৬ বছর বয়সে ক্যানসারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমান অফ-স্পিনার মলেট।
এই তিন বষীয়ান ক্রিকেটের মৃত্যুতে শোকস্তব্ধ অস্ট্রেলিয়া। সিএ এক বিবৃতিতে জানায়, ‘পিটার ফিলপট, অ্যালান ডেভিডসন ও অ্যাশলে মলেটের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য অত্যন্ত শোকের দিন।’
