রাজধানীর নাখালপাড়ায় নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা থেকে দলটির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, সুমনের মা দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দোয়া মাহফিলের আয়োজন হয়। তবে পুলিশ তাতে বাধা দেয় এবং নেতাকর্মীদের আটক করে।
নিখোঁজ সুমনের ছোট বোন সানজিদা ইসলাম বলেন, আমার অসুস্থ মাকে দেখতে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বাসায় দোয়া মাহফিল চলছিল। হঠাৎ পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেলে অন্তত ২০ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ সময় আমান উল্লাহ আমান ও আমিনুল হক আমাদের বাসায় ছিলেন।
তিনি বলেন, আমার ভাই ২০১৩ সালে নিখোঁজ রয়েছেন। তিনি তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান বলেন, ওই বাসায় গোপন বৈঠক করছিল বিএনপির নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখান থেকে আট-নয়জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
