ইতোমধ্যে সুপার টুয়েলভের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দুই দলের সমান চার ম্যাচ জিতেও নেট রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে দক্ষিণ আফ্রিকার।
অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ চারের টিকিট পেয়েছে পাকিস্তান। রবিবার রাতে তারা স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে নিয়মরক্ষার ম্যাচে। তার আগে আবুধাবিতে বিকেলে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
এই ম্যাচ দিয়ে নির্ধারণ হতে পারে ‘বি’ গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট। সঙ্গে এই ম্যাচের ওপরেই ঝুলছে ভারতের ভাগ্য। আফগানদের হারিয়ে দিলে সেমি নিশ্চিত হবে কিউইদের। আর আফগানিস্তান জিতলে বেঁচে থাকবে বিরাট কোহলিদের আশা।
সোমবার যদি টিম ইন্ডিয়া নামিবিয়াকে হারায় তখন তিন দলের নেট রানরেটে হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই পাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের টিকিট।
তবে ভারত-আফগানিস্তানরা যতই নিউজিল্যান্ডের পরাজয় প্রার্থনা করুক না কেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা কিন্তু সমর্থন দিচ্ছেন কিউইদের। নিউজিল্যান্ড জিতলেই যে বিশ্বকাপ শেষ হয়ে যাবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের!
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউইদের জয় চেয়ে পোস্ট দিয়েছেন অনেক পাকিস্তানি ক্রিকেট সমর্থক। সেসব পোস্ট অধিকাংশ তৈরি মিম দিয়ে।
হামির হামজা নামের একজন টুইটারে লিখেছেন, ‘ভারতের সেমিফাইনাল বা মুম্বাই বিমানবন্দরে পৌঁছার সিদ্ধান্ত নির্ভর করছে নিউজিল্যান্ডের ওপর। আমার প্রার্থনা নিউজিল্যান্ডের জয়।’
হিরা নাঈম নামের একজন কেন উইলিয়ামসন ও মোহাম্মদ নবীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারতীয় দলকে আমরা আর বিশ্বকাপে দেখতে চাই না।’
