ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবির ছাত্রী আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০২:৩৩ পিএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক ছাত্রী।

বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৫টায় সিলেট নগরীর তপোবন-আখালিয়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আলমগীর কবীর।

আহত সায়মা আলম নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, রবিবার ভোরে ঢাকা থেকে সিলেট ফিরছিলেন ওই ছাত্রী। পথিমধ্যে সিলেটের তপোবন-আখালিয়া আবাসিক এলাকার রাস্তায় ছিনতাইকারীদের মোটরসাইকেল তার পথরোধ করে।

এ সময় ছুরি বের করে তার কাছে যা আছে সব দিতে বললে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তার বাম পায়ে ছুরিকাঘাত করে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, আমি বিষয়টি জানার সাথে সাথে হাসপাতালে উপস্থিত হই। বর্তমানে ওই ছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

তিনি বলেন, ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত