জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরেক ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) সাক্ষাৎকার দিতে আসলে রায়ান আমিন আফ্রিদি নামে ওই ভর্তিচ্ছুকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আফ্রিদি জানান, তিন লাখ টাকার চুক্তিতে এফ ইউনিটে তার হয়ে আরেকজন পরীক্ষা দেন। পরে সে মেধা তালিকায় ৫২তম হয়ে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ওই ভর্তিচ্ছুর ভর্তি পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে সাক্ষাৎকারের সময়ের হাতের লেখার মিল ছিল না। বিষয়টি জানার পর তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জালিয়াতির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করে তাকে পুলিশে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে সাক্ষাৎকার দিতে এসে মোস্তফা কামাল নামে আরেক ভর্তিচ্ছু আটক হয়। জালিয়াতির অভিযোগে তাকেও পুলিশে দেওয়া হয়।
