ভারতে ওমিক্রন আতঙ্ক। করোনার নতুন এই ধরন নিয়ে আতঙ্ক গোটা বিশ্বেই। সেদিকে তাকিয়ে ভারতেও কড়াকড়ি করা হয়েছিল। একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে। কিন্তু শেষ রক্ষা হল না। ভারতে ওমিক্রণে আক্রান্ত দুই জন। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। কয়েকদিন আগেই তাঁরা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে জানা যায়।
যদিও এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার কথা বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। শুধু তাই নয়, মন্ত্রণালয়ের তরফে আশ্বাস দিয়ে জানানো হয় যে ওই দুই ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছে তাঁদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। কেউ আক্রান্ত নয় বলেও কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়। মন্ত্রণালয়ের এমন বার্তার কিছুক্ষণের মধ্যেই কার্যত আতঙ্কের ছবি সামনে নিয়ে আসে কর্নাটক।
সে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওমিক্রন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা আরও পাঁচ জন করোনা আক্রান্ত। তবে তাঁরা সবাই ওমিক্রনে আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আক্রান্ত ওই পাঁচ ব্যক্তিকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে তাঁদের উপর নজর রাখা হয়েছে।
অন্যদিকে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পাঁচজনের টেস্ট পজিটিভ এসেছে। ওমিক্রনে আক্রান্ত রোগীর ডাক্তারকেও আইসোলেশন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কারোর মধ্যে সিরিয়াস উপসর্গ নেই বলেই জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
এই তথ্য সামনে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে কর্ণাটকে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি চলছে। জানা যাচ্ছে, প্রশাসনিক স্তরে বৈঠক শুরু হয়েছে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়েই এই বৈঠক বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, এদিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে কর্নাটকে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তির শরীরে মিলেছে ওমিক্রন করোনা ভ্যারিয়েন্টের সংক্রমণ। দুই ব্যক্তির মধ্যে এক জনের বয়স ৪৬ এবং দ্বিতীয় জনের বয়স ৬৬। যদিও তাঁদের নিরাপত্তার কারনের কথা ভেবে নাম কিংবা অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে দুজনের মধ্যে একজন ইতিমধ্যে দেশ ছেড়ে দুবাইতে চলে গিয়েছে বলে খবর সামনে আসছে। যদিও ইতিমধ্যে আক্রান্ত দুজনের সংস্পর্শে এখনও পর্যন্ত কারা কারা এসেছেন তাঁদের চিহ্নিতকরণ করা চলছে। নমুনাও জেনাম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ২৯টি দেশে এখনও পর্যন্ত ৩৭৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ধারনা করা হচ্ছে, ডেল্টা এবং বিটা ভ্যারিয়েন্টের থেকেও দ্রুত সংক্রমণ ছড়ায় করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।
