ওমিক্রনের পুনরায় সংক্রমণের ঝুঁকি তিন গুণ বেশি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২:৪০ পিএম

এক গবেষণায় দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা দেখেছেন, করোনার অন্য ধরন ডেল্টা বা বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি। খবর এএফপি।

বৃহস্পতিবার প্রকাশিত এ গবেষণায় বলা হয়, আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা ওমিক্রনের রয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে নতুন গবেষণাটি চালানো হয়েছে। অনলাইনে প্রকাশিত এ গবেষণাপত্রের রিভিউ এখনো সম্পন্ন হয়নি।

গত ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্ত হওয়ার ৯০ দিনের ব্যবধানে করোনা পরীক্ষার ফল আবার পজিটিভ এলে ভাইরাসটির পুনরায় সংক্রমণ হয়েছে বলে ধরা হচ্ছে।

করোনার আগে যেকোনো ধরনের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। দু’দিন আগেই ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম। শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় দেশের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০টিতে দাঁড়িয়েছে।

প্রতিবেশী ভারতে ইতিমধ্যে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশে ঢুকে পড়েছে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টটি।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ‘ডমিন্যান্ট’ বা মূল সংক্রামক ভ্যারিয়েন্ট হয়ে উঠবে।

দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) রিপোর্ট করেছিল ২৪ নভেম্বর। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে, এর বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিল ভ্যারিয়েন্টটি।

আরও পড়ুন...দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, পৌঁছে গেল ৩০ দেশে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত