দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন দৈনিক এবং অনলাইনে ‘আওয়ামী লীগের কমিটিতে জামায়াত, বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ‘বিতর্কিত’ আহ্বায়ক কমিটি বাতিল করে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ও পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়, ঘোষিত কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া, প্রতিবাদ-বিক্ষোভ এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এবং সাংগঠনিক শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিটি পুনর্গঠনে জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ, আমিনুল ইসলাম সালাম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত সময়ে আলোচনার ভিত্তিতে ওই ইউনিয়নের যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুনভাবে কমিটি পুনর্গঠন করবেন।
গত ২৯ নভেম্বর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ বিক্ষোভ করেন।
