সড়কে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা, কাল ব্যঙ্গচিত্র প্রদর্শন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম

সড়কে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার নতুন কর্মসূচি অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে আসেন শিক্ষার্থীরা। সেখানে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শেষে তাঁরা নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া সোহাগী সামিয়া বলেন, বলেন, 'ফুটবল খেলায় কেউ ফাউল করলে রেফারি যেমন লাল কার্ড দেখায়, সেভাবেই সড়ক খাতে নানারকম দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আমরা আজ লালকার্ড দেখাচ্ছি।'

তিনি বলেন, ‘কাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট, তাঁদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করব। এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।’

এর আগে দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধন করে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ নামের একটি সংগঠন। নয় দফা দাবিতে কাল শাহবাগ থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিল করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত