নারী নির্যাতন বা নারীর প্রতি বৈষম্য রোধে নারীর পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে পুরুষতান্ত্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শনিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাব ‘নারী নির্যাতন রোধে এই সময়ে করণীয়’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার ও রোজিনা ইসলাম, নিউজ টুয়েন্টিফোরের জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ মুন্নি, দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক রাবেয়া বেবী, একাত্তর টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ফারজানা রূপা, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহানাজ শারমিন, বাংলা ট্রিবিউcbর প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের ফিচার সম্পাদক মোহসিনা লাইজু এবং দীপ্ত টিভির প্রতিবেদক সাদিয়া চৌধুরী।
ওয়েবিনারে শাহনাজ মুন্নি বলেন, নারীর প্রতি বৈষম্য রোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। কেননা একটি শিশু পরিবারে যা দেখে সেই শিক্ষাই লাভ করে। তাই পরিবারে নারীর প্রতি সম-অধিকার প্রতিষ্ঠিত হলে শিশুরা তা-ই শিখবে।
তিনি বলেন, পুরুষের মানসিকতা ও চেতনার উন্নতি না হলে সহিংসতা বা বৈষম্য দূর হবে না।
নারীদের উদ্দেশে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, নিজেদের অবস্থার উন্নতি করতে হলে সবার আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। নারী বলে সবকিছু মেনে নিতে হবে, এই ধারণা থেকে বের হতে হবে।
ফারজানা রূপা বলেন, এখনো নারীর জন্য সম-অধিকার প্রতিষ্ঠিত হয়নি। কর্মক্ষেত্রে পুরুষদের বিপরীতে নারীর অংশগ্রহণই তার প্রমাণ। এমনকি গণমাধ্যমেও শক্তিশালী নারী সাংবাদিক আর তৈরি হচ্ছে না।
রোজিনা ইসলাম বলেন, নারীর যুদ্ধ নিজেকেই করতে হবে। নিজের অবস্থান শক্ত করা, নিজেকে প্রতিষ্ঠিত করা এসব বড় ব্যাপার। বর্তমানে সাইবার ক্রাইম বেড়ে গেছে। এর বড় ভুক্তভোগী নারীরা।
ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। সমাপনী বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। ওয়েবিনার আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকার, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক প্রতিমা দেব, নাজনীন সুলতানা ও জোবায়রা বিশ্বাস, ইংরেজি বিভাগের শিক্ষক জায়েদ উল এহসান, সিএসই বিভাগের শিক্ষক আয়েশা আজিজ প্রভা এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সজীব সরকার। ওয়েবিনারের সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক আসিফুন নাহার।
