নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করার সুপারিশ ত্রাণ মন্ত্রণালয়ের

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৪ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে রবিবার  সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভায়  যোগদান করেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রকল্প এবং চলমান  প্রকল্পের আর্থিক ব্যয় ও  বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

সভায় ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত প্রকল্পের কাজ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সুপারিশ করা হয়।

এ ছাড়া দেশের দুর্যোগপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত