বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিকেএসপি কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ শুরু হয়েছে।
রবিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিকেএসপি ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।
টসে জিতে আবাহনী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি বিঘ্নিত খেলায় ১৮ ওভারে ৭ উইকেটে ৫৩ রান করে দলটি।
ডিএলএস পদ্ধতিতে বিকেএসপির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ৪৯ রানের। যা ১০.৫ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বিকেএসপির মেয়েরা।
উদ্বোধনী দিনে রূপালী ব্যাংক ও খেলাঘরের মধ্যকার দিনের অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এর আগে সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মহাপরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় করতে এবং বিকেএসপির ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান।
লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদ, খেলাঘর ক্রিকেট একাডেমি ও আয়োজক বিকেএসপিসহ মোট পাঁচটি দল অংশ নিয়েছে।
