শেখ রাসেলের সঙ্গে ড্র করে বসুন্ধরার সামনে শেখ জামাল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ পিএম

স্বাধীনতা কাপ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি ড্র হয়েছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের বাধা এড়িয়েছে শেখ রাসেল।

শেষ চারের টিকিট পেতে শেখ জামালকে এখন লড়তে হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরার সঙ্গে। শেখ রাসেল খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচটি ১-১ ড্র হয়। ২৭ মিনিটে শাহিন মিয়ার গোলে শেখ জামাল এগিয়ে যাওয়ার দুই মিনিট পর শেখ রাসেলকে সমতা এনে দেন ইসমায়েল রুতি তাবারেজ।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে শেখ রাসেল। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ শেখ জামাল।

একই দিন বাংলাদেশ বিমানবাহিনী ও উত্তর বারিধারার মধ্যকার গ্রুপর অন্য ম্যাচটি ১-১ ড্র হয়। এই ম্যাচের ফলে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হওয়ার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় শেখ জামালের।

তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ বিমানবাহিনীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত