নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয়ের পঞ্চাশ বছরপূর্তি উদযাপনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না স্থানীয় জনপ্রতিনিধিরা। এ নিয়ে প্রস্তুতিসভায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রস্তুতি সভায় পৌর মেয়র ও ১০টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। তাছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও ছিলেন অনুপস্থিত। জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাও এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না।
বর্তমান সরকার বিজয়ের পঞ্চাশ বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের উদ্যোগ নিলেও সোনারগাঁয়ে এটি উদযাপনের জন্য প্রস্তুতি সভাতেই একযোগে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি সবাইকে হতবাক করেছে বলে জানান সভায় উপস্থিত আমন্ত্রিত একাধিক অতিথি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছিল। তারা কী কারণে আসেননি তা আমার জানা নেই।’
এ ব্যাপারে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সভায় না আসা অত্যন্ত দুঃখজনক। তারা সরকারি ভাতা গ্রহণ করে, অথচ সরকারি অনুষ্ঠানে অংশ নেয় না এটা ঠিক নয়।
এ ব্যাপারে একাধিক জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দাওয়াত পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সভায় আসতে পারেননি।
