ডোমারের বোড়াগাড়ী ইউপি

আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন, অবরোধ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৪১ এএম

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের বোড়াগাড়ী হাটে এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে ডোমার-গোমনাতী সড়কটি অবরুদ্ধ হলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কর্মসূচি পালনকারীদের অভিযোগ, ওই ইউপিতে চেয়ারম্যান পদটিতে গ্রহণযোগ্য ব্যক্তি বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন। তিনি গত দুই বছর আগে একটি উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু এমন একজন ব্যক্তিকে বাদ দিয়ে সেখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের স্ত্রী জেবুন্নেছা আখতারকে। শিক্ষকতা পেশার জেবুনন্নেছা এলাকার মানুষের কাছে অপরিচিত এবং রাজনীতিতে তার কোনো অবদান নেই।

মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা নূরুল আমিন। এ সময় বক্তৃতা দেন ইউপি সদস্য মোজাম্মেল হক, বোড়াগাড়ী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি হরিহর বর্মণ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল ইসলাম, কলেজশিক্ষক ইমরান হাসান সুমন, স্কুলশিক্ষক আবদুস সালাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, জেবুন্নেছা ডোমারের চিহ্নিত রাজাকারের পুত্রবধূ। তার স্বামী তোফায়েল আহমেদ একসময় ফ্রিডম পার্টির নেতা ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকেও তিনি সম্প্রতি ডোমার পৌর নির্বাচনে নৌকার বিরোধিতা করে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত