ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন কবি সুফিয়া কালাম হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
এর আগে সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ হাসান। এর প্রতিবাদে সোমবার তার বিরুদ্ধে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ হয়। এরপর রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর আসলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুফিয়া কামাল হলের ছাত্রীরা।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন হল সম্মেলনে শীর্ষ পদ প্রত্যাশী পূজা কর্মকার দেশ রূপান্তরকে বলেন, সরকারের দায়িত্বশীল একটা পদে থেকে নারী সম্পর্কে এমন মন্তব্য আমারা আশা করি না। তিনি যে কাজ করেছেন তার শাস্তি হিসাবে দেশরত্ন শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ (পদত্যাগের নির্দেশ) করেছে। প্রধানমন্ত্রী এমন সাহসী সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি আমরা। প্রধানমন্ত্রী কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেন না।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার একটি ভিডিও ফেসবুকে পাওয়া যায়। সেখানে দেখা যায়, কয়েক সারিতে বেশ কিছু ছাত্রী জ্বলন্ত মোমবাতি হাতে দাঁড়িয়ে আছেন। একে একে তাদের সামনে গিয়ে ক্যামেরা ঘুরতে থাকে। ক্যামেরা সামনে আসলে তারা 'ধন্যবাদ আপা' বলে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাদের দুজনের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাবি দেখা যায়।
তাদের এ ভিন্ন ধরনের কর্মসূচি ফেসবুকে সাড়া ফেলে।
