প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী।
মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় এ আবেদন করা হয়। মামলার আবেদনকারী ছাত্রলীগের কর্মী হলেন নূরউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে বসে নূরউদ্দীন আহমেদ ফেইসবুকের একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেখতে পান।
বক্তব্যটি সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। ভিডিওর লিংকটি আবেদনে উল্লেখ করেছেন নূরউদ্দীন আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, তারা অভিযোগটি পেয়েছেন। এটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
