অবশেষে শেরপুর গারো পাহাড়ের বনে হাতির অভয়ারণ্য হচ্ছে শেরপুরে। এই অভয়ারণ্যের জন্য ইতিমধ্যে জরিপ কাজ শুরু করেছে সরকার। এ ছাড়া সীমান্তের পাহাড় ও বনে হাতি-মানুষের সহাবস্থানের জন্য নানা পরিকল্পনার গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জ এলাকায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতা মূলক সভায় সভাপতি প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এসব তথ্য জানান।
একই সভায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, গত ২১ নভেম্বর বন্য হাতি হত্যা বন্ধের জন্য উচ্চ আদালতে এক রিট আবেদন করা হয়েছে। রিটে সরকারের কাছে দ্রুত হাতি হত্যা বন্ধে প্রদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। সে লক্ষ্যে আমরা বন্য হাতি হত্যা বন্ধে নানা কর্মসূচি হাতে নিয়েছি।
সভা শেষে স্থানীয় বন বিভাগের ৩২ উপকারভোগীর মাঝে মোট ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, মধূটিলা রেঞ্জের রেঞ্জার আব্দুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
