আবরার হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপাতদৃষ্টে মনে হয়েছে যে এ মামলায় প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে, দেশে আইনের শাসন আছে।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের আবাসিক কার্যালয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যা মামলার রায়ের বিষয়ে এ প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, এখন কেউ এ রকম হত্যাকাণ্ড ঘটিয়ে বা কোনোরকম হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধী ঘুরে বেড়াতে পারবে না। তারা রাজনীতি করতে পারবে না।
আইনমন্ত্রী বলেন, এ রায়ের নথিপত্র আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে চলে যাবে। সেখানে মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়ার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
আনিসুল হক বলেন, কিছু কিছু হত্যাকাণ্ড আছে, যা সমাজকে নাড়া দেয়, সমাজের বিবেককে নাড়া দেয়। এসব হত্যাকাণ্ডের বিচার করা না হলে সমাজে হতাশা দেখা দেয়। সরকারের দায়িত্ব এ মামলাগুলো তড়িৎ বিচার করে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে দেশে আইনের শাসন বিরাজ করছে। এ দায়িত্ব পালনে শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত সক্ষম হয়েছে।
অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তার কর্মকাণ্ডে আমি গভীরভাবে ক্ষুব্ধ। শুধু সাংসদ নয়, কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না।’
