একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ: রাষ্ট্রপতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:০৮ পিএম

দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ।

‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১’ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় পূর্ব রেকর্ডকৃত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই’।

তিনি বলেন, সৎ, আন্তরিক ও নিষ্ঠাবানদের সামাজিকভাবে মূল্যায়ন করতে হবে। তা হলেই সমাজে এই দুর্নীতি হ্রাস পাবে।

দুদকের সকল পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করার আহ্বান জানিয়ে আবদুল হামিদ দুর্নীতি দমন কার্যক্রমে কিছুসংখ্যক লোকের জন্য যাতে পুরো কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন।

দুর্নীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, ‘একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে।’

একই সঙ্গে দুর্নীতির মাধ্যমে কোনো অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রলুব্ধ না করার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘কোনো মানুষ দুর্নীতিবাজ হিসেবে জন্মগ্রহণ করে না। পারিবারিক, সামাজিক ও আশ-পাশের পরিবেশই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, দুদক কমিশনার, মো. মোজাম্মেল হক খান (অনুসন্ধান) ও মো. জহুরুল হক (তদন্ত), দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত