নারায়ণগঞ্জ সদরের রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়

বৃষ্টি হলে স্কুলে ঢুকতে লাগে বেঞ্চের সাঁকো

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন পানিতে তলিয়ে আছে। বৃষ্টি হলেই বেঞ্চ দিয়ে সাঁকো বানিয়ে প্রবেশ করতে হয় স্কুলটিতে। বৃষ্টি হলে ১৪টি  শ্রেণিকক্ষের মধ্যে ১১টিই পানির নিচে চলে যায়। স্কুলটির মাঠে এখন হাঁটুপানি। এমনকি শৌচাগারও ডুবে আছে পানিতে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্থানীয়রা জানান, সমতলভূমিতে ১৯৭৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। সময়ের ব্যবধানে চারপাশের রাস্তাসহ জনবসতিগুলোতে মাটি ভরাট করায় স্কুলটি পড়ে থাকে আগের উচ্চতায়। এতে বৃষ্টি হলেই আশপাশের বাসাবাড়ি ও রাস্তার পানি এসে স্কুলটির মাঠ ও শ্রেণিকক্ষগুলোতে প্রবেশ করে। স্কুলটিতে এক তলা তিনটি ভবন ও একটি দুই তলা ভবন রয়েছে। এসব ভবনের ১৪টি শ্রেণিকক্ষের মধ্যে ১১টি কক্ষই পানিতে টইট¤ু^র। আর বিদ্যালয়ের আঙিনাসহ একমাত্র খেলার মাঠটিতে পানি  থৈ থৈ করছে।

স্কুলটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার (১০) জানায়, জলাবদ্ধতার কারণে তাদের খেলার মাঠ ও শৌচাগারে যাতায়াত এবং কাব স্কাউটের মতো কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসে পড়ালেখা করতে হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেব তানভীর বলেন, ২০০৭ সালে এই স্কুলে  যোগদানের পর থেকে একই অবস্থা দেখছি। বর্তমানে বিদ্যালয়ে ৯৯১ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু ক্লাস করানোর উপযোগী শ্রেণিকক্ষ মাত্র ৩টি। এর মধ্যে ১টিতে অফিস করা হয়েছে। বাকি দুটি কক্ষে এই সময়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোনো রকমে পাঠদান করানো হচ্ছে।

৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন সুলতানা বলেন, এখানে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অফিসে আবেদন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত