পুরান ঢাকা থেকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সড়ক আন্দোলনে উসকানির অভিযোগ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৭:৩১ পিএম

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানি দেয়াসহ রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে রাজধানীর পুরান ঢাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ, ওয়ায়েজ কুরুনী, তাওহীদুল ইসলাম, গাজী সাখাওয়াত ও হাবিবুর রহমান।

শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

রাজধানীর পুরান ঢাকার স্বামীবাগের মিতালী স্কুল গলি রোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩।

এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা, ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক, দেশবিরোধী নাশকতা ও উসকানিমূলক লিফলেট জব্দ করেছে বলে জানায় সংস্থাটি।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা রাষ্ট্রবিরোধী চক্রান্ত ও নাশকতায় উসকানির কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের উসকানি ও অপপ্রচারের জন্য টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ক্লোজ গ্রুপ রয়েছে। নাশকতা ও জ্বালাও পোড়াও সংগঠিত করতে তারা উসকানি দিতেন। এই চক্রের একজন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

আল মঈন জানান, অনলাইনে তারা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবেদনশীল বিষয়ে মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে দিতেন তারা। বিষয়টি র‍্যাবের মনিটরিং সেলের নজরে আসলে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাদের। র‍্যাবের সাইবার মনিটরিং সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, সরকারের উন্নয়নের ধারাকে বাধা দিতে ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে তারা অপপ্রচার ও যড়যন্ত্র করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত