র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার জন্য প্রধানমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধনের অয়োজন করে।
রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্রে একটি গণতন্ত্র সম্মেলন হয়ে গেল, অথচ বাংলাদেশকে ডাকা হলো না। এরপর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিজভী বলেন, ‘কেন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে? কারণ তারা তো চোখ বন্ধ করে নেই। বাংলাদেশে কী হচ্ছে তারা সবাই দেখছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ যারা গুম হয়েছেন তাদের কারা গুম করেছে তা তারা জানে। সরকার মনে করেছে, চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয়ে যাবে।’
