ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, আরকানসাস, ইলিনয়, টেনেসি ও মিসিসিপি অঙ্গরাজ্যও।
সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত ৮৪ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এই টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় ৩৬৫ কিলোমিটার। গতিবেগ এত জোরালো ছিল যে, এক পারিবারিক ছবিকে উড়িয়ে নিয়ে গেছে ১৫০ মাইলের চেয়েও বেশি! কেন্টাকির ডউসন স্প্রিংস থেকে সেই ছবি উড়ে এসে পড়ে আরেক অঙ্গরাজ্য ইন্ডিয়ানার নিউ আলবেনিতে।
ছবিটি পেয়েছেন নিউ আলবেনির বাসিন্দা কেটি পোস্টেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইন্ডিয়ানার নিউ আলবেনিতে আমার গাড়ি নিয়ে বেরিয়ে ছবিটি পেলাম। যা গাড়ির জানলায় আটকে ছিল।’
প্রথমে তার উইন্ডশিল্ডে কেউ কোনো নোট রেখে গিয়েছিলেন মনে করেছিলেন তিনি। তবে যখন তিনি ছবিটির কাছে যান, দেখেন এটা একটা ছবি। সাদাকালো ছবি, যার তারিখ ১৯৪২। ছবিটিতে দেখা যাচ্ছে নারী ডোরাকাটা পোশাক করে এক ছোট শিশুকে তার কোলে ধরে আছেন।
ফেসবুকে তিনি আরও লেখেন, ‘এটি কোনো গার্টি সোয়াৎজেল ও জেডি সোয়াৎজেলের ছবি, ১৯৪২’। ছবিটির পেছনে তেমনটাই লেখা।
