যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহতের পরিসংখ্যান দিলেন জয়

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পুলিশের গুলিতে নিহতের একটি পরিসংখ্যান শেয়ার করেছেন। আজ রবিবার সন্ধ্যায় তিনি এ সংক্রান্ত একটি গ্রাফ চার্টের ছবি তার ফেসবুকে পোস্ট করেন।

এতে দেখা যায় যে, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ১১০০ মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এই পরিসংখ্যান ফেসবুকে শেয়ার করলেন সজীব ওয়াজেদ জয়।

গত শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞাকে অযৌক্তিক এবং এক ধরনের মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে বলে মনে করে সরকার। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এমনভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি।

শনিবার সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের অসন্তোষের কথা জানান। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত