পিএসজির হয়ে লিগ ওয়ানে এমবাপ্পের গোলের সেঞ্চুরি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ এএম

মোনাকোকে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ে ফিরেছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

লিগ ওয়ানে এর আগে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। মোনাকোর বিরুদ্ধেও শুরুতে গোল হজমের সম্ভাবনা ছিল পিএসজির। ভাগ্য ভালো যে, সোফিয়ান দিওপের শট লাগে গোলপোস্টে।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পচেত্তিনোর দলকে। আনহেল দি মারিয়াকে বক্সের ভেতর ডিফেন্ডার জিব্রিল সিদিবে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। ১২তম মিনিটে স্পট-কিক থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে।

এরপর পিএসজির হয়ে লিগ ওয়ানে গোলের সেঞ্চুরি করেন ফরাসি ফরোয়ার্ড। এক কাউন্টার-অ্যাটাকে লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনো দল। এই জয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের চেয়ে তারা এগিয়ে গেছে ১৩ পয়েন্টে। ২৬ পয়েন্ট নিয়ে আটে মোনাকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত