জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সিনেপর্দায় না থাকলেও ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। চার মাস আগে ইউটিউব চ্যানেলও খুলেছিলেন এই নায়িকা। সেখান থেকে বেশ কিছু ভিডিওই প্রকাশ করেছিলেন। কিন্তু কিছুদিন পরেই সবকিছু হ্যাক হয়ে গেলে চ্যানেল হারিয়ে ফেলেন তিনি। ফেসবুক পেজ নিয়ন্ত্রণে আনলেও ইউটিউব আর ফিরে পাননি। এবার তাই নতুনভাবে শুরুর ঘোষণা দিলেন শাবনূর। জানালেন, জন্মদিন উপলক্ষে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করবেন তিনি।
ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে শাবনূর লিখেছেন, প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।’
এদিকে কয়েক দিন আগে শোনা গিয়েছিল, শাবনূর দেশে ফিরছেন। জন্মদিনটি নাকি সিনেমার মানুষজনের সঙ্গে উদ্যাপন করবেন। শুধু তাই নয়, দেশে এসে অভিনয়ে ফেরার পরিকল্পনাও রয়েছে তার। এ জন্য অস্ট্রেলিয়ায় নিয়মিত জিম করে নিজের ফিটনেস ঠিক করছেন।
