আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০১:২১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবি আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত