পেশাগত দায়িত্ব পালন শেষে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বাসায় যাওয়ার পথে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত মো. শফিউল্লাহ ওরফে শফি (৪০) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত)। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সাগর (৩৫) আহত হন।
শফিউল্লাহ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা বাজার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে।
দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।
জানা গেছে, সোমবার রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
শফিউল্লাহ আত্মীয় মো. নাসিম জানান, দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন তিনি। তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে। মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। ছেলের বয়স সাড়ে তিন বছর।
তুরাগ থানার ওসি জানান, দায়িত্ব শেষে তুরাগ থানা থেকে বের হয়ে নিজের প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় যাচ্ছিলেন শফিউল্লাহ।
এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পরিদর্শক শফিউল্লাহ। আহত হন গাড়িচালক মো. সাগর। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করে।
তিনি বলেন, ২০০৫ সালে শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।
