রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ইলমা চৌধুরী মেঘলা (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
স্বজনরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা। রাজধানীর বনানী-২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তিনি।
ইলমার খালু ইকবাল হোসেন জানান, ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। কানাডা প্রবাসী স্বামী ইফতেখারের বনানীর বাসায় থাকতেন। ঢাবি নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
তিনি আরো জানান, ৬ মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় ইলমার। পাঁচ দিন আগে কানাডা থেকে ঢাকার বাসায় আসে তার স্বামী।
ইকবাল অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে স্বামী এবং শশুড় বাড়ির লোকজন মেরে ফেলেছ। আমরা এর বিচার দাবি করছি। ইলমার শরীরে আমরা অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। গলায়ও আঘাতের চিহ্ন দেখেছি। ইলমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, সন্ধ্যার দিকে সংবাদ পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করি। শরীরের অনেক জায়গায় পুরাতন ও নতুন জখম রয়েছে।
ওসি আরো জানান, পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ইলমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, মেয়েটির লাশ মেডিকেলে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
