বাগেরহাটের কচুয়ায় নিজের সতেরো বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মো. ফায়জুল হাওলাদার (৫৩)।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান বলেন, ২০২০ সালের ১৫ মার্চ গভীর রাতে মেয়েকে ধর্ষণ করেন। ওই রাতে আসামি ফায়জুল তার মেয়েকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে তার স্ত্রী অভিযোগ করেন। ধর্ষণের পর রাতেই মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে মা তার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ওই বছরের ৩১ মে ফায়জুল হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বাদী পক্ষের সাতজন ও আসামি পক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ কারাদণ্ড দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইফতেখারুল ইসলাম রানা।
