অবৈধ সম্পদ: বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিচার শুরু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ পিএম

সেনাবাহিনরীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় অভিযোগ গঠন করে এ আদেশ দেয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, আগামী ১৭ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করে দিয়েছে আদালত। এসময় প্রদীপ দাশ আদলতে উপস্থিতি ছিলেন। অভিযোগ গঠনের শুনানিতে নিজেকে তিনি নির্দোষ দাবি করেন। চুমকি কারণ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করেছে আদলত। 

তিনি জানান, গত ২৮ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনা হয় তাতে। গত ১ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। গত নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত