প্রধান কোচ হিসেবে দিয়েগো আলনসোকে নিয়োগ দিল উরুগুয়ে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১:৪৩ পিএম

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন দিয়েগো আলনসো।

ইন্টার মিয়ামি ও মন্টিয়ারির সাবেক এই কোচকে নিয়োগের কথা চূড়ান্ত করেছে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৬ বছর বয়সী আলনসো উরুগুয়ের দীর্ঘদিনের অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজের স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে গত মাসে তাবারেজকে বরখাস্ত করা হয়।

বেশ কিছুদিন ধরেই উরুগুয়ের পারফরমেন্স নিয়ে আশাব্যঞ্জক কোন খবর দিতে পারেননি তাবারেজ। কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। বিশ্বকাপের মূল পর্বে খেলা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তাবারেজের বিদায় অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

আলনসোর ক্লাব পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এর আগে নিজ দেশ উরুগুয়ের ক্লাব পেনারল ও বেলা ভিস্তা ছাড়াও প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়া ও গুয়ারানির দায়িত্ব পালন করেছেন।

তবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনি মেক্সিকান ক্লাব পাচুয়াতে কোচিং করিয়েছেন। তার অধীনে পাচুয়া ২০১৬ সালে মেক্সিকান চ্যাম্পিয়ন জয় করে। পাচুয়া ও মন্টিয়ারির হয়ে আলোনসো কনকাকাফ চ্যাম্পিয়নস লিগও জয় করেছেন।

আলনসোর সঙ্গে চুক্তির বিস্তারিত কিছু জানায়নি উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শেষ পর্যন্ত অন্তত আলোনসোর সাথে চুক্তি করেছে উরুগুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত